
বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দেওয়া হবে। এ লক্ষ্যে পুনরায় গণশুনানির আয়োজন করা হবে।
জেলা প্রশাসনের সূত্র জানিয়েছে, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর সরকারি বিধি অনুযায়ী গেজেট প্রকাশের মাধ্যমে তা কার্যকর করা হবে।
উল্লেখ্য, ইউনিয়ন দুটির বর্তমান নাম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম-এর দুই সন্তানের নামের সঙ্গে আংশিক সাদৃশ্যপূর্ণ হওয়ায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা ও বিভ্রান্তির সৃষ্টি হয়।
জানা গেছে, এ পরিস্থিতিতে প্রতিমন্ত্রী নিজেও বিব্রতবোধ করেন এবং বিষয়টি নিয়ে কোনো ধরনের ভুল ব্যাখ্যা বা অপপ্রচারের সুযোগ না রাখতে ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের জন্য জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানান।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন নামকরণ প্রক্রিয়ায় স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে, যাতে নামগুলো এলাকার ঐতিহ্য ও পরিচয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।