
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার কাহালু উপজেলায় জমিজমা-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে আলহাজ্ব মো. মকবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
এ ঘটনায় তাঁর ছেলে মো. শহিদুল ইসলাম (৪৫)সহ আরও একজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে শহিদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
রোববার (২৮ জুন) দুপুর ৩টার দিকে উপজেলার বাঘইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার সময় বাড়ির সামনে বসে থাকা অবস্থায় নাতনি জামাই শাকিল ও তার সহযোগী সবুজ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এলোপাতাড়ি কোপে গুরুতর আহত হন মকবুল হোসেন ও তাঁর ছেলে শহিদুল ইসলাম। এ সময় আরও একজন আহত হন।
স্থানীয় লোকজন ও স্বজনরা আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর মকবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুতর আহত শহিদুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হলেও তাঁর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে। অপর আহত ব্যক্তিরও চিকিৎসা চলছে।
কাহালু থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. মাসুদ করিম জানিয়েছেন, পারিবারিক ও জমিজমা-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত শাকিল, সবুজসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।