বগুড়ায় কুকুরকে কুপিয়ে জখমের ঘটনায় একজন গ্রেফতার, অস্ত্র আইনে মামলা

বগুড়া শহরের কানজগাড়ি এলাকায় কুকুরকে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ২৯ জুন রাত আনুমানিক দেড়টার দিকে কানজগাড়ি এলাকায় স্বপন মিয়া (৪৮) নামে এক ব্যক্তি একটি কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
খবর পেয়ে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বগুড়ার সদস্যরা আহত কুকুরটিকে কানজগাড়ি এলাকার একটি হাসপাতালের পাশ থেকে উদ্ধার করেন। পরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সমন্বয়ে গঠিত একটি টিম কুকুরটির চিকিৎসার ব্যবস্থা করে।
এ ঘটনায় বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বগুড়ার আহ্বায়ক সদস্য মো. ইমরান হোসেন বগুড়া সদর থানায় মামলা করেন।
মামলার পর জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান চালিয়ে মামলার মূল আসামি স্বপন মিয়াকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। পরে অস্ত্র আইনে তার বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।