
নিজস্ব প্রতিবেদক: শহরের যানজট কমানো এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বগুড়া সিটি করপোরেশন।
বুধবার (১ জুলাই) দুপুরে শহরের জজ কোর্টের সামনে থেকে বগুড়া জিলা স্কুলের প্রধান ফটক পর্যন্ত সড়ক ও ফুটপাতজুড়ে গড়ে ওঠা অবৈধ দখল, ভ্রাম্যমাণ দোকান ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযান পরিচালনা করেন বগুড়া সিটি করপোরেশনের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. পপি খাতুন। এ সময় ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনাকারীদের সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন ভ্যান ও অস্থায়ী দোকান জব্দ করে সিটি করপোরেশনের গাড়িতে নিয়ে যাওয়া হয়।
সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে আদালত এলাকা থেকে জিলা স্কুল পর্যন্ত ফুটপাত দখল হয়ে থাকায় পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। অনেককে বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হওয়ায় যানজট ও দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যাচ্ছিল। এ পরিস্থিতি নিরসনে ধারাবাহিকভাবে উচ্ছেদ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. পপি খাতুন বলেন, নাগরিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখা হবে। প্রথম দিনের অভিযান ছিল সতর্কতামূলক। তবে ভবিষ্যতে অবৈধ দখলের বিরুদ্ধে আরও কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। একই সঙ্গে শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাতেও পর্যায়ক্রমে এ ধরনের অভিযান চালানো হবে।
সিটি করপোরেশন জানিয়েছে, উচ্ছেদের পর যাতে পুনরায় ফুটপাত দখল না হয়, সেজন্য নিয়মিত নজরদারি জোরদার করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় জনবল নিয়োগের উদ্যোগও নেওয়া হচ্ছে।
