আদমদীঘিতে বিশেষ বরাদ্দের সহায়তা বিতরণ, উপকার পেলেন শতাধিক পরিবার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন এবং মানবিক সহায়তা কর্মসূচির আওতায় স্থানীয় সংসদ সদস্যের বিশেষ বরাদ্দ থেকে বিভিন্ন উপকরণ ও নগদ সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ ও সহায়তা বিতরণ করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
এডিপির আওতায় উপকারভোগীদের মধ্যে ১৬টি সেলাই মেশিন, ৮টি বালক ও ৮টি বালিকা বাইসাইকেল, ১২টি টিউবওয়েল, ৪৮ বান্ডিল ঢেউটিন, ৪০টি ফুটবল, ৭৫টি স্প্রে মেশিন, ২টি ক্যারাম বোর্ড, ১৯৩ ফুট পিআইসি পাইপ এবং ৫০০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়।
এছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬ জন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির নগদ অর্থ তুলে দেওয়া হয়।
মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত ২৬৭ জনের মধ্যে মোট ৪ লাখ টাকা নগদ সহায়তা এবং ৪০০ পরিবারের মধ্যে ৩ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বেনজির আহম্মেদ, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সরকারের উন্নয়ন ও মানবিক সহায়তা কর্মসূচির সুফল সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
