আদমদিঘী উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় প্রবাসী যুবককে ছুরিকাঘাত, ২ লাখ টাকা ও সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলায় মোটরসাইকেলের গতিরোধ করে এক প্রবাসী যুবককে ছুরিকাঘাত করে নগদ ২ লাখ টাকা ও গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত মেহেদী হাসান (৩১) উপজেলার সান্দিড়া গ্রামের এমদাদুল হকের ছেলে। তিনি প্রায় এক মাস আগে প্রবাস থেকে দেশে ফিরেছেন।

জানা গেছে, রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার সান্তাহার সুতা পট্টিতে অবস্থিত বাবার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিক্রির ২ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মেহেদী হাসান। পথে আলষার মোড় এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে।

অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে ছুরিকাঘাত করে ব্যাগে থাকা ২ লাখ টাকা এবং গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা আহত অবস্থায় মেহেদী হাসানকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আহতের বাবা এমদাদুল হক বাদী হয়ে রাজু হোসেন, সাইফুল হোসেন ও সুমন হোসেনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্ত চলছে। এর পেছনে পূর্বের কোনো বিরোধ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button