
নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর উপজেলার এরুলিয়া হাটখোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৩৬ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ‘ইস্কাফ’, একটি মোটরসাইকেল ও অন্যান্য আলামতসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২।
র্যাব-১২ সূত্রে জানা গেছে, বুধবার (৮ জুলাই) রাজশাহীর শিবগঞ্জ এলাকা থেকে মোটরসাইকেলে করে অবৈধ মাদক নিয়ে কয়েকজন ব্যক্তি বগুড়ার দিকে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে বগুড়া সদর উপজেলার এরুলিয়া হাটখোলা বাজার এলাকায় নওগাঁ-বগুড়া চারমাথাগামী সড়কে মাদকবিরোধী চেকপোস্ট বসানো হয়।
অভিযান চলাকালে একটি মোটরসাইকেলে থাকা ছানাউল আকরাম শাওন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৩৬ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ‘ইস্কাফ’ উদ্ধার করা হয়।
গ্রেফতার শাওন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মহেশপুর এলাকার মৃত জিল্লুর রহমানের ছেলে।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং তিনটি সিম কার্ড জব্দ করা হয়েছে।
বগুড়া র্যাব-১২ কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।