
নিজস্ব প্রতিবেদক: বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে অবস্থিত রওশন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির পরিচালক ও মালিক মো. গোলাম রসুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, প্রতিষ্ঠানটি হাসপাতালের সহজ-সরল রোগীদের দালালের মাধ্যমে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ক্লিনিকে নিয়ে গিয়ে অপ্রয়োজনীয় ডায়াগনস্টিক পরীক্ষা করাত। অভিযানের সময় ক্লিনিকে উপস্থিত একাধিক রোগীর সাক্ষ্য গ্রহণ করলে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এছাড়া ক্লিনিক কর্তৃপক্ষ বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হয়। এসব অপরাধের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির মালিককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
একই অভিযানে কেয়ার ওয়ান ডায়াগনস্টিক সেন্টারেও অনিয়ম ধরা পড়ে। বৈধ লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
বগুড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন বলেন, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনিয়ম এবং লাইসেন্সবিহীন কার্যক্রমের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। তিনি জানান, জরিমানার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানে সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।