
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নে মিম আক্তার (২৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী, শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
শুক্রবার (১ আগস্ট) রাত প্রায় ১০টার দিকে উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের বাওইটোনা সুতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের রঞ্জুর মেয়ে মিম আক্তারের সঙ্গে প্রায় তিন বছর আগে একই ইউনিয়নের বাওইটোনা সুতারপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে সোহেলের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে দুই বছর বয়সী মিরাজ নামে একটি ছেলে সন্তান রয়েছে।
স্বজনদের দাবি, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন রাত ১০টার দিকে মিমের স্বামী সোহেল মোবাইল ফোনে তার মা ও ভাইকে বাড়িতে আসতে বলেন। তারা সেখানে পৌঁছে ঘরের বাইরে মিমের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
অভিযোগ রয়েছে, ঘটনার পর স্বামী সোহেল, তার বাবা-মাসহ পরিবারের অন্যান্য সদস্য দুই বছরের শিশু সন্তান মিরাজকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান।
খবর পেয়ে গাবতলী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে রাত প্রায় ২টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হোসেন জানান, প্রাথমিক সুরতহালে নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাত বা ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি বলেন, “রোববার (২ আগস্ট) মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।