
নিজস্ব প্রতিবেদক: বগুড়া মহানগরের ১৪ নম্বর ওয়ার্ডের মালগ্রাম ও ছিলিমপুর এলাকার মাঝামাঝি স্থান থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, প্রায় এক সপ্তাহ আগে তৃতীয় লিঙ্গের (হিজড়া) একজন বগুড়া সদর থানায় নিখোঁজ বিষয়ে অভিযোগ করেন। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিখোঁজ হওয়া ওই ব্যক্তি তৃতীয় লিঙ্গের।
মরদেহ উদ্ধারের সময় পরনে জিন্সের প্যান্ট ছিল। তবে মাথায় চুলের আকার বড় থাকায় ধারণা এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ বলেও জানান ওসি।



