
বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুতের ব্যবহার নিয়ন্ত্রণে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (১২ আগস্ট) জারি করা নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এই সময়সীমা দেশের বিভিন্ন এলাকায় চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এসব আয়োজনও রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।
তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকানসহ নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।
বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার ১১ জুন ২০২৬ তারিখের স্মারকের পরিপ্রেক্ষিতে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে শপিংমল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত কার্যকর ছিল।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নতুন সময়সূচি ও নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।



