বগুড়া জেলা

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, একজন আটক

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় সাইফুল ইসলাম (৫০) নামে নুনগোলা ইউনিয়ন পরিষদের সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার আশোকোলা পূর্বপাড়া (বাঘোপাড়া) এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত সাইফুল ইসলাম ওই গ্রামের মৃত আবেদ আলী মন্ডলের ছেলে। তিনি নুনগোলা ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক সদস্য ছিলেন। পেশায় তিনি একজন খামারি।

পুলিশ জানিয়েছে, রোববার রাতে বাঘোপাড়া বাজার থেকে নাতিকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন সাইফুল ইসলাম। বাড়ির কাছাকাছি পৌঁছালে তিন যুবক তার পথরোধ করেন। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবকেরা ধারালো অস্ত্র দিয়ে সাইফুলকে এলোপাতাড়ি আঘাত করে পাশের একটি জমিতে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থল থেকে এক জোড়া জুতা ও দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি ফোন নিহত সাইফুল ইসলামের এবং অপরটি তার সঙ্গে থাকা ব্যক্তিদের বলে জানা গেছে।

নিহতের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ওসি ইব্রাহীম আলী বলেন, “হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।” এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে একজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button