
শুক্রবার সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধা ফিরোজা বেগম (৬০) মারা গেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী ঢাকা থেকে সরকারি সফরে তার সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন। দুর্ঘটনাস্থলে ফিরোজা বেগম মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তিনি প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন।
তাকে বাঁচাতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশের ধানখেতে নেমে যায়। এতে ফিরোজা বেগম গুরুতর আহত হন। একই ঘটনায় গাড়িতে থাকা প্রতিমন্ত্রী আবদুল বারী ও তার স্ত্রী নাজমা আরা বেগমও আহত হন।
দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে কালাইয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার সঙ্গে থাকা স্ত্রী সুস্থ আছেন। সেখানে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর ডান পা, বাম পায়ের সোল্ডার ও বুকে আঘাত লেগেছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
তথ্যসূত্র: যমুনা টিভি



