বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া জেলা পূজা উদ্‌যাপন পরিষদের উদ্যোগে শহরের জিলা স্কুল প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে বগুড়া সদর ও পৌর এলাকার কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী অংশ নেন।

শোভাযাত্রায় নারী-পুরুষ নানা সাজে সজ্জিত হয়ে অংশ নেন। তাঁদের আনন্দ-উচ্ছ্বাসে এ সময় শহরের সড়কগুলো মুখর হয়ে ওঠে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, অন্যায় ও অশুভ শক্তির বিনাশ এবং ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের প্রাধান্যে জন্মাষ্টমী পালিত হয়।

শোভাযাত্রা শেষে জেলা পরিষদ প্রাঙ্গণে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, ‘বাংলাদেশ সবার। এই বাংলাদেশ হবে মানবিকতা, সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ। আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই, যাতে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্টের জন্ম না হয়।’

তিনি বলেন, ‘নতুন করে একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। কোনোভাবেই তা হতে দেওয়া যাবে না। সবার সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলে নতুন প্রজন্মের হাতে তা তুলে দিতে চাই।’

বগুড়া জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক নির্মল কুমার রায়, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, বগুড়া মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ এবং সাধারণ সম্পাদক সুজিত জয়সোয়াল।

এই বিভাগের অন্য খবর

Back to top button