বগুড়া জেলা
প্রধান খবর

দেশ ভালো নেই, বিদ্যুৎ-সারের সংকট চরমে: বগুড়ায় জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই। বিদ্যুৎ ও সারের সংকট চরমে। জনগণের অধিকার নিশ্চিত করতে সরকার তাদের কথা বলার সুযোগ না দেওয়ায় বাধ্য হয়ে রাজপথে নামতে হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামে ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহিদ হিসেবে পরিচিত আব্দুল মালেকের কবর জিয়ারত শেষে স্থানীয় একটি মাদ্রাসা মাঠে উপস্থিত মানুষের উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে ডা. শফিকুর রহমান আব্দুল মালেকের কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পাঠ ও দোয়া করেন। পরে স্থানীয় মাদ্রাসায় আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। জামায়াত আমিরের আগমন উপলক্ষে সকাল থেকেই মাদ্রাসা মাঠে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন।

পরে বগুড়া সার্কিট হাউসে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ডা. শফিকুর রহমান। সেখানে দেশের রাজনৈতিক পরিস্থিতি, সুশাসন, গণভোটের রায় বাস্তবায়ন এবং বগুড়ার উন্নয়ন বৈষম্য নিয়ে কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার নিশ্চিত করা এবং তাদের শাসনতান্ত্রিক নিরাপত্তা দেওয়া বিরোধী দলের মূল দায়িত্ব। ঢাকা থেকে রংপুরমুখী কর্মসূচিতে লাখো মানুষের অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি দাবি করেন, কর্মসূচিতে কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। শান্তিপূর্ণ ও সুসংগঠিতভাবে জনগণের দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি বলেন, জনভোগান্তি এড়িয়ে মানুষকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন ও সোচ্চার করাই রাজনৈতিক উদ্যোগের অন্যতম লক্ষ্য।

জামায়াত আমিরের দাবি, বিগত সাড়ে ১৫ বছরের শাসনামলে গুম, নির্যাতন ও নানা ধরনের ট্রমার মধ্য দিয়ে গেছে দেশের মানুষ। চব্বিশের গণবিপ্লব দেশের শাসনব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

গণভোটের প্রসঙ্গে তিনি দাবি করেন, দেশের ৯২ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিলেও সরকার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে এবং জনগণের ভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছে। জনগণের রায়কে অবহেলা করার পরিণতি ভালো হয় না বলেও সতর্ক করেন তিনি।

সংবাদমাধ্যমকে রাষ্ট্রের ‘চতুর্থ স্তম্ভ’ উল্লেখ করে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান ডা. শফিকুর রহমান। বক্তব্যের অখণ্ডতা বজায় রেখে নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রকাশ করা সংবাদমাধ্যমের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়া ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হলেও স্বাধীনতার ৫৪ বছর পরও জেলা কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। সাবেক ‘মিনি শিল্পনগরী’ হিসেবে পরিচিত এই জেলায় একটি মেডিকেল কলেজ ছাড়া শিক্ষা ও অবকাঠামো খাতে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

ভবের বাজার ও পোড়াদহ টেক্সটাইল রোডের বেহাল দশার কথা উল্লেখ করে বগুড়ার ন্যায্য অধিকার নিশ্চিত ও জেলার হারানো গৌরব ফিরিয়ে আনার দাবি জানান তিনি।

বক্তব্যের শেষে দেশের সার্বিক উন্নয়ন, তিস্তাপাড়সহ সারা দেশের মানুষের কথা সংসদে তুলে ধরা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে বেকারত্বমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির।

এর আগে শুক্রবার রাতে বগুড়ায় পৌঁছে সার্কিট হাউসে রাতযাপন করেন ডা. শফিকুর রহমান। শনিবার ভোর সোয়া ৫টার দিকে তিনি সার্কিট হাউস থেকে ধুনটের উদ্দেশে রওনা হন।

এ সময় তার সফরসঙ্গী হিসেবে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button