বগুড়ায় শিয়ালের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

বগুড়ার ধুনট উপজেলায় মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে আব্দুল বাছেদ রুবেল (৪২) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম।
নিহত আব্দুল বাছেদ রুবেল ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের সোনারগাঁ গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি ধুনট-জোড়শিমুল সড়কের চিকাশি মফিজ মোড় এলাকায় বৈদ্যুতিক সামগ্রী মেরামতের কাজ করতেন।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে ধুনট শহর থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন রুবেল। পথে ধুনট-জোড়শিমুল সড়কের আনারপুর এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় একটি শিয়াল তার মোটরসাইকেলের সামনে চলে আসে। এতে শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রুবেলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তথ্যসূত্র: চ্যানেল ২৪



