বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় চাকুসহ কিশোর গ্যাংয়ের দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্মিজ চাকু প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টির অভিযোগে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় তাদের হেফাজত থেকে একটি বার্মিজ চাকু ও অপরাধকাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন ১৫০ সিসি পালসার মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়েছে।

পুলিশ সোমবার (১২ অক্টোবর) জানিয়েছে, রোববার বিকাল সাড়ে ৫টার দিকে শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোর্ট মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ব্যক্তিরা হলেন, ফুলকোর্ট মধ্যপাড়া এলাকার মো. এরশাদুল রহমানের ছেলে মো: এরিন আহম্মেদ সুইট (১৯) এবং বিলকেশপাথার এলাকার মো: সাইফুল ইসলামের ছেলে মো: মিরাজুল (১৯)। তারা দুজনই শাজাহানপুর উপজেলার বাসিন্দা।

গোয়ন্দা পুলিশের এসআই মো: রুবেল প্রামাণিক জানায়, সুইট নামের এক কিশোর হাতে একটি অত্যাধুনিক বার্মিজ চাকু নিয়ে বিশেষ ভঙ্গিতে তা প্রদর্শন করে একটি ভিডিও ধারণ করেন। পরে তার এক সহযোগীর মাধ্যমে ভিডিওটি ফেসবুকে আপলোড করা হয়। জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে চাকু প্রদর্শনের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে।

এরপর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযুক্তদের আটক অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় রোববার বিকালে অভিযান চালিয়ে সুইট ও তার সহযোগী মিরাজুলকে আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। পাশাপাশি অপরাধকাজে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন ১৫০ সিসি পালসার মোটরসাইকেলটি জব্দ করা হয়।

আটক দুজনের বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত তাদের অন্য সহযোগীদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এসআই মো: রুবেল প্রামাণিক।

এই বিভাগের অন্য খবর

Back to top button