
এলপি গ্যাস ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে সব এলপিজি গ্যাসের দোকান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান।
ঘোষণা অনুযায়ী, আগামী ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ থাকবে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে। তবে সরকার নির্ধারিত দামে কোথাও এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
সংবাদ সম্মেলনে সেলিম খান বলেন, সিলিন্ডারের দাম ও সরবরাহ নিয়ে ব্যবসায়ীদের হয়রানি, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের জরিমানা এবং নির্দিষ্ট কোম্পানির একচেটিয়া আধিপত্যের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
তিনি আরও জানান, ব্যবসায়ীদের দাবিগুলো মেনে নেওয়া না হলে পরবর্তী সময়ে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে এলপিজি সরবরাহ ও বিপণন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: এশিয়া পোস্ট



