
নিজস্ব প্রতিবেদক: বগুড়া মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ডিএনসি, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বগুড়া মহানগরের সেন্ট্রাল মসজিদ, সেউজগাড়ী, হাড্ডিপট্টি ও চকসূত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গাঁজা ১০ গ্রাম ও ট্যাপেন্টাডল ট্যাবলেট ২০ পিসসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার নুনদহ এলাকার মৃত আকবর আলীর ছেলে মোঃ আশরাফ আলী (৩৮), গাবতলী উপজেলার রানীরপাড়া এলাকার আবুল কালামের ছেলে মোঃ সবুজ (৪০) এবং শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকার মোঃ আনসার আলীর ছেলে মোঃ আমিনুল ইসলাম (২৬)।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের সাজা প্রদান করা হয়। এর মধ্যে আশরাফ আলীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, সবুজকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং আমিনুল ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।



