১০ বছর পর বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

১০ বছর পরে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সিসি ক্যামেরার আওতায় বৃহস্পতিবার সকালে শহরের চারমাথা ভবের বাজার এলাকায় সভাটি করা হয়। সভাস্থলে ইউনিয়নের কার্ডধারী সদস্য ও সংবাদমাধ্যমকর্মী ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে ছিল পুলিশের উপস্থিতি।
সাধারণ সভার শুরুতেই বিভিন্ন সময়ে সড়কে নিহত মোটর শ্রমিকদের আত্মার শান্তি কামনা করে ১মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজহান খাঁন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ মিটুল। এরপরে সংগঠনটির সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল গত ১০ বছরে সংগঠনের আয়-ব্যয় হিসেব পেশ করেন।
অনুষ্ঠানের প্রধান বক্তা নির্বাচন পরিচালনার জন্য জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতা সৈয়দ কবির আহম্মেদ মিঠু পক্ষ থেকে তিনজন এবং আব্দুল হামিদ মিটুল ও সামছুদ্দিন শেখ হেলালের পক্ষ থেকে আরো তিনজনকে নিয়ে মোট ৬ জনকে নিয়ে নির্বাচন মনিটরিং কমিটি করেন। এছাড়াও আরো একজনকে দুই পক্ষেরই মনিটরিং সদস্য হিসেবে নির্বাচিত করেন তিনি।
এর মধ্যে সৈয়দ কবির আহম্মেদ মিঠুর পক্ষ থেকে নির্বাচন মনিটর কমিটির সদস্য হিসেবে, আনোয়ার হোসেন, বাবু দীপক কুমার ও আব্দুল কুদ্দুসের নাম ঘোষণা করা হয়। অপরদিকে আব্দুল হামিদ মিটুল ও সামছুদ্দিন শেখ হেলালের পক্ষে হাসিবুর রহমান বিলু, সাগর কুমার রায় ও মকবুল হোসেন মুকুলকে নির্বাচন মনিটর কমিটির সদস্য হিসেবে ঘোষণা করা হয়।
এছাড়াও উভয় পক্ষের মনিটর হিসেবে দায়িত্ব দেওয়া হয় সাইফুল ইসলাম পল্টুকে।
সাধারণ সভায় সব পক্ষের সম্মতিতে আগামী দুই মাসের (৬০) মধ্যে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি নির্বাচনে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বগুড়া জিলা স্কুল মাঠ,আলতাফুনেচ্ছা খেলার মাঠ, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন ফুটবল স্টেডিয়াম ও সেন্ট্রাল গাইস্কুল মাঠের প্রস্তাব দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী ও জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন, বগুড়া জেলা মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ ও রাজশাহী বিভাগীয় শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক রাজিয়া সুলতানাসহ আরো অনেকে।
