বগুড়ায় ৭১ জনের পুলিশে চাকরি মাত্র ১০০ টাকায়

বগুড়ায় এবার প্রথম একশ টাকা ব্যাংক ড্রাফটে পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৭১ জন। এদের মধ্যে ৬০ জন ছেলে ও ১১জন মেয়ে।
জানা যায়, সারাদেশের ন্যায় বগুড়া জেলাতেও পুলিশের “ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে” ৭ টি ধাপের পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে পুলিশ লাইন্সে বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী পরীক্ষার ফলাফল ঘোষণা করেন ও নির্বাচিত ৭১জনকে ফুল দিয়ে বরণ করেন। এছাড়া অপেক্ষমাণ তালিকায় পুরুষে ৯জন এবং নারীদের ২ জনকে রাখা হয়েছে।
জেলা পুলিশ জানান, নির্বাচিত সদস্যদের মেডিকেল রিপোর্টে যদি কেও বাদ পরে তাহলে সেই তালিকা থেকে বেশি মার্ক পাওয়াদের অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হবে।
গত ১৬ নভেম্বর একশ টাকা ব্যাংক ড্রাফট করে বগুড়া পুলিশ লাইনে ২ হাজার ৮৪০জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন।
বিভিন্ন ধাপ শেষ করে ৬৩৯ জন লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করে ২০৪পাশ করেন। এদের মধ্যে পুরুষ ১৮৭জন এবং বাকি ১৭জন নারী। পরে মৌখিক পরীক্ষা শেষে ৭১জনকে চূড়ান্ত ও ১১জনকে অপেক্ষমাণ রেখে ফল প্রকাশ করা হয়।
বগুড়া এরুলিয়া এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী আমিনুর ইসলামের মেয়ে রানী খাতুন নারীদের মধ্যে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আলী হায়দার চৌধুরী, সিরাজগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম, পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ জিন্নাহ আল মামুন, সকল থানার ওসি ও জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।