বগুড়ায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

‘টেকসই উন্নয়ন-সমৃদ্ধ দেশ, নিরাপদ খাদ্যের বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে
নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২২।
বুধবার সকাল পল্লী উন্নয়ন প্রকল্প বগুড়ার আয়োজনে এবং মেনোনাইট সেন্ট্রাল কমিটি বাংলাদেশের অর্থায়নে দিবসটিতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।
ইউনিয়নে সাধারণ কৃষক-কৃষাণিদের অংশগ্রহণে স্বাস্থ্যবিধি মেনে সচেতনতামূলক এক র্যালী ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান সফিক বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতে বর্তমান সরকার বিভিন্ন দপ্তরের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এখন সময় এসেছে সাধারণ মানুষের সচেতন হওয়ার। তিনি মন্দকে সদা পরিহার করে ভালকে গ্রহণ করার লক্ষ্যে কৃষির সাথে সম্পৃক্ত সকলকে উদ্বার্ত আহ্বান জানান।
এছাড়াও অনুষ্ঠানে তিনি কৃষি জমি নষ্ট করে কোনভাবেই স্থাপনা নির্মাণ করা যাবে না মর্মে কঠোর বার্তা দেন এবং ঐক্যবদ্ধভাবে সকলকে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে কাজ করার আহ্বান জানান।
বগুড়া সদরের সহকারী কমিশনার নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন পিইউপি বগুড়ার কর্মসূচি সমন্বয়কারী শেখ আবু রাহাত মো: মাশরুকুল ইসলাম।
পিইউপি’র প্রোগ্রাম অফিসার নিলুফা ইয়াসমিনের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজ আলম, জেলার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা হাসান সারোয়ার, শাখারিয়া ইউপি চেয়ারম্যান প্রভাষক এনামুল হক রুমি এবং এমসিসি বাংলাদেশের প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মো: জাহাঙ্গীর আলম।
এসএ//
