বগুড়ায় ভালোবাসা দিবসে পার্কে অভিযান, কিশোর-কিশোরীদের জরিমানা

ভালোবাসা দিবসে বগুড়ার বিভিন্ন পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভালোবাসা দিবস উপলক্ষ্যে শহরের ওয়ান্ডারল্যান্ড ও এ্যাডওয়ার্ড পার্কে ঘুরতে আসা বিভিন্ন বয়সী কিশোর-কিশোরীদের এ সময় জিজ্ঞাসাবাদ ও জরিমানা করা হয়েছে।
বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী ময়ীদুর রহমানের নেতৃত্বে আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি দল আজ ভ্যালেন্টইন দিবসের সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন।
ম্যাজিস্ট্রেট গাজী ময়ীদুরের দাবি, কোনও বিশেষ দিবস উপলক্ষ্যে ঘুরে বেড়ানো বা আড্ডা দেয়া নয় করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী চালানো হয় এ অভিযান।
এ সময় স্বাস্থ্যবিধি না মানায় চারজন কিশোর-কিশোরীকে ৪০০ টাকা করে জরিমানা করা হয়। বেশ কয়েকজনের অভিভাবকদের মোবাইল ফোনে অবিহিত করার পাশাপাশি কয়েকজন অভিভাবককে ডেকে তাদের হাতে সন্তানদের তুলে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এছাড়াও অভিযান চলাকালে দীর্ঘসময় শিক্ষার্থীদের দাঁড় করিয়ে জেরা করা হয়।



