বগুড়া জেলা

বগুড়ায় বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের ছাত্রী সমাবেশ

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীতে বগুড়ায় ছাত্রী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা ছাত্রলীগের আয়োজনে ‘বাংলার মাতা, বাংলাদেশের নেতা’ শীর্ষক এই সমাবেশ আয়োজন করা হয়।

বুধবার বিকেলে শহরের জেলা পরিষদ মিলনায়তনে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কখনও প্রকাশ্যে রাজনীতি না করলেও বঙ্গবন্ধুর রাজনীতির মূল অনুপ্রেরণা ও চালিকাশক্তি ছিলেন। বঙ্গবন্ধুর দীর্ঘ জেল জীবনে সামনে থেকে নেতাকর্মীদের অনুপ্রেরণা দিয়েছেন বঙ্গমাতা। বঙ্গবন্ধুর মামলা পরিচালনা থেকে রাজনৈতিক জীবনের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বঙ্গমাতা ভূমিকা রেখেছেন৷ তাই শিক্ষার্থীদের আগামীর বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধুর পাশাপাশি বঙ্গমাতার জীবনী সম্পর্কেও জানতে হবে। বঙ্গমাতা ত্যাগ ও ধৈর্য্যের জন্য ইতিহাসে অমর হয়ে থাকবেন৷

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান বক্তা ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু এমপি।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম খান জয়ের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক শাহাদৎ আলম ঝুনু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক প্রমুখ। সমাবেশে বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক ছাত্রী অংশগ্রহণ করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button