বগুড়ায় কারামুক্ত হলেন বিএনপি নেতা হেনাসহ ২ জন

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার বিএনপি নেতা আলী আজগর তালুকদার হেনা ও স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মাজেদুর রহমান জুয়েল আগাম জামিনে কারামুক্ত হয়েছেন।
আজ মঙ্গলবার বিকেলে জেলা কারাগার ফটকে দলীয় নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে তাদের অভ্যর্থনা জানান। এর আগে, গত ১৪ আগস্ট উচ্চ আদালতে তাদের জামিন আদেশ হয়।
এ দুজনের মধ্যে আলী আজগর তালুকদার হেনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক। আর জুয়েল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক।
প্রসঙ্গত, গত ১৮ জুলাই কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালীন পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে দলটির নেতাকর্মীর। শহরের ইয়াকুবিয়া স্কুল মোড়ে এ ঘটনা ঘটে। ঐদিন রাতেই বগুড়া সদর থানায় তিনটি ও দুপচাঁচিয়া থানায় আরেকটি মামলা করা হয়। সরকারি স্থাপনা ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, কর্তব্যরত পুলিশের উপর হামলাসহ আরও নানা অভিযোগে মামলাগুলো করা হয়। পরবর্তীতে পরদিন ভোররাতে আলী আজগর তালুকদার হেনা ও জুয়েলকে গ্রেফতার করা হয়। শহরের সূত্রাপুর এলাকা থেকে হেনাকে ও পুরান বগুড়া থেকে জুয়েলকে গ্রেফতার করা হয়েছিল।



