
আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদালতের হাজতখানা থেকে পালিয়ে যাওয়ার একদিন পর হত্যা মামলার আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে আদমদীঘি উপজেলার বাগিচাপাড়া থেকে তাকে দুপচাঁচিয়া থানা পুলিশ গ্রেপ্তার করে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম গতকাল সোমবার দুপচাঁচিয়া থানার একটি হত্যা মামলার আসামি হিসেবে বগুড়ার চীফ জুডিশিয়াল আদালতে হাজিরা দিতে আসে। হাজিরা শেষে আদালত থেকে প্রিজন ভ্যানে করে জেলা কারাগারে ফেরত নেওয়ার সময় দুপুর ৩টা ৫৫ মিনিটে সে আদালতের দ্বিতীয় তলার হাজতখানা থেকে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় কৌশলে পালিয়ে যায়।
এই ঘটনার পর পরই ডিবি ও থানা পুলিশ আসামিকে গ্রেপ্তারের জন্য সাঁড়াশি অভিযান শুরু করে।

অবশেষে, দুপচাঁচিয়া থানা পুলিশ রফিকুলকে পলাতক তার নিজ এলাকা আদমদীঘির বাগিচাপাড়া থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গত ৯ জুলাই জেলার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগরের লক্ষীমন্ডপ এলাকায় শ্বশুর ও পূত্রবধুকে শ্বাসরুদ্ধ করে হত্যা ও ডাকাতির ঘটনা ঘটে। সেই মামলার অন্যতম আসামি ছিলেন রফিকুল ইসলাম। তার বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চকপাড়া গ্রামে। সোমবার পালানোর ঘটনায় আদালতের এসআই রবিউল ইসলাম বাদী হয়ে পলাতক আসামি রফিকুল ইসলামের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করেছেন।
