বগুড়া সদরের শেখেরকোলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধাকে হত্যা

বগুড়া সদরের শেখেরকোলায় শয়ন কক্ষে আছিয়া (৭০) নামে এক বৃদ্ধাকে দুর্বৃত্ত ছুরিকাঘাতে হত্যা করেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে জেলার সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের শেখেরকোলা গ্রামে এঘটনা ঘটেছে। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত আছিয়া সদরের শেখেরকোলা গ্রামের মৃত রমজান আলী ফকিরের স্ত্রী।
স্থানীয় ও সদর থানা পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে সদরের শেখেরকোলা গ্রামে নিজ শয়ন কক্ষে আছিয়াকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্ত।

নিহত আছিয়ার ছেলের বউ নাজমা জানান, ইফতারের পর শাশুড়ী আছিয়াকে ভাত রান্নার প্রস্তুতি নিতে দেখেন। রান্নার প্রস্তুতি দেখে তিনি বাড়ির পাশে মোড়ে দোকানে যান সদাই কিনতে। সদাই কিনে কয়েকজনের সাথে কথা বলে বাড়ি ফিরে আসেন। এসে তার শাশুড়ি আছিয়াকে ডাকাডাকি করেন। তার কোন সাড়া না পেয়ে ঘরে যান। ঘরে গিয়ে দেখেন ঘরের সবকিছু অগোছালো ও ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপর দেখেন তার শাশুড়ি ঘরের মেঝেতে পড়ে আছেন। কাছে গিয়ে দেখেন গলা থেকে রক্ত বের হচ্ছে। এরপর তিনি স্থানীয় লোকজনকে ডেকে আনেন।
শেখেরকোলা ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান ডালিম জানান, নিহত আছিয়া অন্যের বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করত।
এদিকে খবর পেয়ে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা, তদন্ত ইন্সপেক্টর আবুল কালাম আজাদ ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করেন। রাত সাড়ে ১১টার দিকে পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
রাত সাড়ে ১১টায় বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত আছিয়ার ঘরে তাকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে হত্যা করেছে। জেলা পুলিশের একাধিক টিম ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযানে নেমেছে।




