বগুড়ায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্র আবিরের মৃত্যু

বগুড়ায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবির হোসেন আকাশ (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার শহরের মালগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত আবির মালগ্রাম জিলাদার পাড়ার বেলাল হোসেনের ছেলে। আবির এবার নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন।
আবিরের চাচা শামীম হোসেন জানান, পাড়ার কয়েকজন বন্ধু মিলে খান্দার এলাকায় মেডিকেল সড়কে ব্রিজের নীচে ডোবায় মাছ ধরতে যায়। তারা বৈদ্যুতিক পাম্প দিয়ে ডোবার পারি নিষ্কাশন করে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল। এসময় আবির ডোবার পানিতে বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। বিদ্যুৎ সংযোগ বন্ধ করে আবিরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।




