
নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় বিয়ে করার জের ধরে বগুড়ায় রাজু মণ্ডল (৪২) নামে এক ব্যক্তির হাত-পা বেঁধে লিঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। বুধবার দিবাগত গভীর রাতে বগুড়া সদর উপজেলার বারোপুর স্কুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
রাজু মন্ডল (৪২)ওই গ্রামের হোসেন আলী মন্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে কলহ চলছিল। এর জেরে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী তানজিলা স্বামীর হাত ও পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে তার লিঙ্গ কর্তন করেন। পরে রাজুর চিৎকারে স্থানীয়রা রাজু মন্ডলকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি হাসান বাসীর বলেন, স্বামী দ্বিতীয় বিয়ে করায় ক্ষোভ থেকে এই ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। আহত স্বামীকে তার কর্তনকৃত লিঙ্গসহ ঢাকায় নিয়ে গিয়ে গেছে চিকিৎসার জন্য। এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। ঘটনার পর থেকে স্ত্রী পলাতক রয়েছে।



