
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার ধুনটে বাবার সঙ্গে অভিমান করে গ্যাস ট্যাবলেট সেবনের পর সোহান খান (২২) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত সোহান খান ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বহালগাছা গ্রামের শফিকুল ইসলাম খানের ছেলে। তিনি বিশ্বহরিগাছা বহালগাছা বহুমুখী মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানিয়েছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাবার সঙ্গে অভিমান করে মঙ্গলবার দুপুরে সোহান গ্যাস ট্যাবলেট সেবন করেন। এর আগে তিনি নিজের ফেসবুক স্টোরিতে ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ লিখে একটি পোস্ট দেন।
পরে বাড়ির অদূরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে সোহানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সোহানের দাফন সম্পন্ন হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। পরে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



