ধুনট উপজেলাপ্রধান খবর

জলতরঙ্গে বিজয় নিশান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বগুড়া ধুনট উপজেলায় পুকুরের মধ্যে রঙ্গিন আলোকসজ্জার মাধ্যমে প্রদর্শিত হয়েছে বিশালাকার লাল সবুজের পতাকা।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ দিনের এই কর্মযজ্ঞটি নাম দেয়া হয়েছে ‘জলতরঙ্গে বিজয় নিশান।’

২৬ মার্চ সন্ধ্যার পর সদর উপজেলা পরিষদের পাশের মুজিব চত্বর এলাকায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা ‘জলতরঙ্গে বিজয় নিশান’ এর প্রদর্শনী শেষ হবে ৩১ মার্চ।

পুকুরের নিচে থাকা সামান্য পানির একটু ওপরে সুতার সঙ্গে বাতি বেধে আলোকসজ্জার মাধ্যমে জাতীয় পতাকা ফুটিয়ে তোলা হয়েছে। আর এজন্য ব্যবহার করা হয়েছে ৯২ হাজার ৩৪০টি মরিচ বাতি। পতাকাটি ১৬০ ফুট দৈর্ঘ্য ও প্রস্থ ৯৬ ফুট। এছাড়া পুকুরের চারদিকে সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

এসব চিত্রের মধ্যে রয়েছে- মেট্রোরেল, পদ্মাসেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, ফ্লাইওভার, বঙ্গবন্ধু স্যাটেলাইট। এছাড়া পুকুরের একপাশে লেখা রয়েছে ‘আই লাভ বঙ্গবন্ধু’। এক পাশে ‘দ্য মাদার অব হিউম্যানিটি।’ আর এক পাশে ১০০ ফুট দৈর্ঘ‌্যের নৌকা। যে নৌকার এক পাশে বঙ্গবন্ধু’র ছবি। আরেক পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।

এ প্রসঙ্গে বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, এটি ইন্সটলেশন আর্টের মর্যাদা পেয়েছে। এটি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তকে ধন্যবাদ জানান এমন ব্যতিক্রম উদ্যোগের জন্য।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত জানান, আমরা চিন্তা করলাম কীভাবে মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করতে ব্যতিক্রম কিছু করার। মুজিব চত্বরকে কেন্দ্র করেই মজা পুকুরটাকে কাজে লাগিয়ে পুকুরটাকে খনন করার পর পাড় ঠিক করা হয়। পরে তলদেশে মরিচ বাতি দিয়ে পতাকা করার পরিকল্পনা করা হয়। ১৫ দিন সময় লেগেছে কাজটি করতে। বাংলাদেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলোও তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ স্বাগত জানিয়ে বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান। তিনি বলেন, আমি বিস্মিত। এই অনুভূতি ভাষা দিয়ে প্রকাশ করা কঠিন। একটি পতাকার জন্য কত শত প্রাণ ঝরে গেছে। সেই পতাকা নিজ এলাকায় এভাবে ফুটিয়ে তুলতে দেখে আমি আপ্লুত। ‘জলতরঙ্গে বিজয় নিশান’ বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button