জাতীয়
প্রধান খবর

জননিরাপত্তায় এলিট ফোর্স গঠনের উদ্যোগ, র‍্যাবের সংস্কারের ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

জননিরাপত্তা নিশ্চিত করতে নতুন আইনের আওতায় একটি এলিট ফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। তবে বাহিনীটি নতুন নামে হবে নাকি বর্তমান র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-এর সংস্কার করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

সোমবার (১৮ মে) দুপুরে র‍্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, বর্তমানে র‍্যাব একটি এডহক ভিত্তিতে পরিচালিত হচ্ছে, যা সঠিক নয়। তাই বাহিনীটির জন্য পৃথক আইন প্রণয়নের কাজ চলছে।

মন্ত্রী বলেন, “আগামী দিনে সম্পূর্ণভাবে মানবাধিকার সমুন্নত রেখে একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি। সেই আইনের অধীনে একটি এলিট ফোর্স থাকবে, যারা নতুন প্রত্যাশা অনুযায়ী জননিরাপত্তা নিশ্চিত করবে।”

তিনি আরও জানান, নতুন বাহিনীটি র‍্যাবের বর্তমান কাঠামোর সংস্কার হিসেবেও আসতে পারে, আবার সম্পূর্ণ নতুন নামেও গঠিত হতে পারে। বিষয়টি সরকার এখনো বিবেচনা করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “অথরিটি থাকবে, রেসপন্সিবিলিটিও থাকবে। একই সঙ্গে সেই বাহিনীর ট্রান্সপারেন্সি ও অ্যাকাউন্টিবিলিটি আইনের মাধ্যমে নিশ্চিত করা হবে।”

র‍্যাব সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, কয়েকজন কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠান হিসেবে র‍্যাবের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো ব্যক্তির দায় পুরো প্রতিষ্ঠানের ওপর চাপানো ঠিক নয়।

তিনি বলেন, অতীতের রাজনৈতিক শাসনামলে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হওয়ায় সেগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “আমরা আশা করছি আগামী দিনে মানবাধিকার সমুন্নত রেখে র‍্যাব তার সব কার্যক্রম পরিচালনা করবে।”

এদিকে এলিট ফোর্স পরিচালনায় নতুন আইন হবে কি না এবং র‍্যাবের নাম পরিবর্তন করা হবে কি না- তা এখনো সরকারের বিবেচনায় রয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, যেকোনো এলিট ফোর্সের ক্ষেত্রেই স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা হবে এবং সেই অনুযায়ী জননিরাপত্তা ও জনগণের প্রত্যাশা পূরণে কাজ করা হবে।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button