
চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সোমবার (১০ নভেম্বর) রাতে অধিদপ্তরের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত।
আবেদন গ্রহণ শুরু হবে মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে, যা চলবে ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ২২ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৭ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষাকেন্দ্রের হাজিরা সিট প্রকাশ হবে ৯ ও ১০ ডিসেম্বর।
দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ভর্তি হবে একই পরীক্ষার মাধ্যমে। ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নে থাকছে জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি ১৫ নম্বর। প্রতিটি ভুল উত্তরে কাটা যাবে ০.২৫ নম্বর। পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০।
যোগ্যতা হিসেবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং ২০২৪ বা ২০২৫ সালের এইচএসসি/এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০২২ সালের আগে এসএসসি/ও লেভেল পাস করা কেউ আবেদন করতে পারবে না। উভয় পরীক্ষায় ন্যূনতম মোট জিপিএ ৮.৫০ এবং জীববিজ্ঞানে অন্তত ৩.৫০ থাকতে হবে। উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট জিপিএ ৮.০০ গ্রহণযোগ্য, তবে একক কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০-এর কম চলবে না।
এসএসসি ও এইচএসসি জিপিএ ১০০ নম্বর হিসেবে গণনা করে মেধাক্রম নির্ধারণ করা হবে—এসএসসি জিপিএ×৮ (সর্বোচ্চ ৪০) এবং এইচএসসি জিপিএ×১২ (সর্বোচ্চ ৬০)। এগুলো যোগ হবে লিখিত পরীক্ষার নম্বরের সঙ্গে। গত বছরের এইচএসসি পাস করা শিক্ষার্থীদের ক্ষেত্রে ৩ নম্বর এবং গত শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে ৫ নম্বর কাটা হবে।
ভর্তি ও আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (mefwd.gov.bd), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের (dgme.gov.bd), স্বাস্থ্য অধিদপ্তরের (dghs.gov.bd) এবং টেলিটকের (dgme.teletalk.com.bd) ওয়েবসাইটে।


