
সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন তালিকা অনুযায়ী আগামী বছর মোট ছুটি থাকবে ৬৪ দিন, যা গত বছর ছিল ৭৬ দিন। অর্থাৎ ছুটি কমেছে ১২ দিন।
রোববার (২৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
উল্লেখযোগ্য ছুটি
প্রজ্ঞাপন অনুযায়ী,
- পবিত্র রমজান, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১৯ দিন ছুটি থাকবে।
- ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১২ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে।
- দুর্গাপূজায় ১৮–২২ অক্টোবর পর্যন্ত ৫ দিন এবং
- শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে ২০–২৯ ডিসেম্বর পর্যন্ত ১০ দিন বিদ্যালয় বন্ধ থাকবে।
পরীক্ষার সময়সূচি
- অর্ধ-বার্ষিক/প্রাক-নির্বাচনি পরীক্ষা: ২৬ জুন–১০ জুলাই, ফল প্রকাশ ২৯ জুলাই
- নির্বাচনি পরীক্ষা: ২৯ অক্টোবর–১০ নভেম্বর, ফল প্রকাশ ১৮ নভেম্বর
- বার্ষিক পরীক্ষা: ১৯ নভেম্বর–৬ ডিসেম্বর, ফল প্রকাশ ৩০ ডিসেম্বর
- জুনিয়র বৃত্তি পরীক্ষা: ১৫–২০ ডিসেম্বর, ফল প্রকাশ ৩০ ডিসেম্বর
প্রতি পরীক্ষার সময়সীমা সর্বোচ্চ ১২ কর্মদিবস নির্ধারণ করা হয়েছে এবং বার্ষিক পরীক্ষার উত্তরপত্র কমপক্ষে এক বছর সংরক্ষণ করতে হবে।
নির্দেশনা ও বিধিনিষেধ
- বিদ্যালয়গুলোকে নিজস্বভাবে প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে, অন্য কোনো উৎস থেকে প্রশ্ন নেওয়া যাবে না।
- নির্ধারিত পরীক্ষার তারিখ পরিবর্তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পূর্বানুমতি বাধ্যতামূলক।
- কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন বা সংবর্ধনার কারণে বিদ্যালয় বন্ধ রাখা যাবে না এবং শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো নিষিদ্ধ।
- ছুটির মধ্যেও প্রয়োজনে ভর্তি কার্যক্রম ও অন্যান্য পরীক্ষা গ্রহণের জন্য বিদ্যালয় খোলা রাখা যাবে।
- এসএসসি পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্র ব্যতীত অন্যান্য বিদ্যালয়ে নিয়মিত পাঠদান চলবে।
জাতীয় দিবস উদযাপন
২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, বাংলা নববর্ষ ও ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় বিদ্যালয়ে উদযাপন করার নির্দেশ দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: যুগান্তর



