শিক্ষা
প্রধান খবর

৫৫ ভাগ মানুষ অনলাইন ক্লাস চায়: শিক্ষামন্ত্রী

দেশে জ্বালানি সংকট ও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় অনলাইন ও অফলাইন মিলিয়ে ‘ব্লেন্ডেড’ পদ্ধতিতে ক্লাস নেওয়ার বিষয়টি সরকার ভাবছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে প্রায় ৫৫ শতাংশ মানুষ অনলাইন ক্লাসের পক্ষে মত দিয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষা ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তাদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এ সময়ে আমাদের জ্বালানি সংকট এবং বৈশ্বিক সংকট রয়েছে। তাই আমরা ভাবছি ক্লাস পদ্ধতিকে ব্লেন্ডিং করা যায় কি না-অর্থাৎ অনলাইন ও অফলাইন মিলিয়ে। অনলাইনে ক্লাসে যাওয়ার বিষয়টি আমরা আলোচনা করেছি এবং তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করেছি।’

তবে পুরোপুরি অনলাইন শিক্ষায় চলে যাওয়ার বিষয়ে সতর্কতা প্রকাশ করেন তিনি। বলেন, ‘সম্পূর্ণ অনলাইনে চলে গেলে আমরা অসামাজিক হয়ে যাব-সেটাও আমরা ভাবছি। কারণ এটি শিক্ষা ব্যবস্থা।’

তিনি জানান, বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ‘আমরা অনলাইন এডুকেশনকে প্রোমোট করার বিষয়ে আলোচনা করছি। এটি শুধু বাংলাদেশের সংকট নয়, বৈশ্বিক সংকট। আমরা জানি না কতদিন এই পরিস্থিতি চলবে। তাই আমাদের স্কুল সিস্টেমকে অনলাইন ও অফলাইন মিলিয়েই পরিচালনার কথা ভাবছি।’

কবে থেকে নতুন পদ্ধতি চালু হতে পারে=এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের সভায় আমরা আমাদের মন্ত্রণালয় থেকে প্রস্তাব উপস্থাপন করবো। এরপর ক্যাবিনেটে আলোচনা হবে এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।’

সপ্তাহে কতদিন অনলাইনে ক্লাস হতে পারে=এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা এটাকে ব্লেন্ডেড পদ্ধতিতে রাখতে চাই। তবে মন্ত্রণালয় প্রস্তাব দিলেও শেষ সিদ্ধান্ত ক্যাবিনেট মিটিংয়েই নেওয়া হবে।’

সূত্র: বার্তা বাজার

এই বিভাগের অন্য খবর

Back to top button