শিক্ষা
প্রধান খবর

এই মুহূর্তে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

এই মুহূর্তে সরকার অনলাইন ক্লাস চালুর কথা চিন্তা করছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর শের-ই-বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, সরকার বা মন্ত্রিসভা এই মুহূর্তে অনলাইন শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে কোনো বড় পরিকল্পনা করছে না। তবে শিক্ষাখাত নিয়ে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। বিশেষ করে অতীতের ঝুলে থাকা কাজগুলো সম্পন্ন করে শিক্ষাব্যবস্থাকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

স্কুল পরিদর্শনের বিষয়ে তিনি বলেন, প্রাথমিক শিক্ষাখাতে সরকারের বরাদ্দকৃত অর্থ কীভাবে সঠিকভাবে এবং কার্যকরভাবে ব্যয় করা যায়, তা নিশ্চিত করতেই এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি আরও জানান, আগামী মে-জুন মাসের মধ্যে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়গুলো পরিদর্শন করা হবে।

এদিকে বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের পরিকল্পনার অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক ভাবনায় সপ্তাহে ছয় দিন ক্লাস নেওয়ার একটি প্রস্তাব রয়েছে। এর মধ্যে তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীরে পাঠদান হতে পারে। অর্থাৎ একদিন অনলাইন হলে পরের দিন সশরীরে ক্লাস অনুষ্ঠিত হবে।

এই ব্যবস্থায় শিক্ষকেরা বিদ্যালয়ে উপস্থিত থেকে অনলাইন পাঠদান পরিচালনা করবেন এবং ব্যবহারিক ক্লাসগুলো সশরীরেই অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে চলতি সপ্তাহেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অংশীজনদের সঙ্গে আলোচনা শেষে বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। পরে মন্ত্রিপরিষদ বিভাগ সংবাদ সম্মেলনের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

সূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button