শিক্ষা
প্রধান খবর

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী

আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইদিন দুপুর ২টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, বিগত সময়ে ১২ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হতো। এবার এ সংখ্যা বাড়িয়ে ১০০ জনে উন্নীত করা হয়েছে। প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত ১০০ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হবে।

তিনি বলেন, সম্মাননাপ্রাপ্তদের মধ্যে প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি, মাদরাসা ও সাধারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকবেন। এ ছাড়া চিকিৎসা, কৃষি, প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিশেষায়িত ক্ষেত্র থেকেও শিক্ষক নির্বাচন করা হবে।

এবার শিক্ষকের সংখ্যা বাড়লেও প্রত্যেকের সম্মাননার অর্থ দুই লাখ টাকা থেকে কমিয়ে এক লাখ টাকা করা হয়েছে-এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আগে ১২ জনকে দুই লাখ টাকা করে মোট ২৪ লাখ টাকা দেওয়া হতো। এবার ১০০ জনকে এক লাখ টাকা করে মোট এক কোটি টাকা দেওয়া হবে।

শিক্ষক নির্বাচনের জন্য একটি কমিটি রয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা অনুসরণ করা হবে। ওই নীতিমালায় ১২-১৩টি মানদণ্ড রয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, এবারের ১০০ জনের সম্মাননা ভবিষ্যতে আরও বিস্তৃত উদ্যোগের অংশ হতে পারে। দেশের শিক্ষার্থীদের তৈরি করার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা বিবেচনায় তাঁদের মর্যাদা ও সুযোগ-সুবিধা আরও বাড়ানোর বিষয়ে সরকার কাজ করবে।

আগামী দিনগুলোতে শিক্ষা খাতের উন্নয়ন ও শিক্ষকদের সম্পৃক্ততা বাড়াতে আরও বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button