জিপিএ-৫ প্রাপ্তিতে রাজশাহী বিভাগে শীর্ষে বগুড়া

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বরাবরের মত এবারও মেধায় এগিয়ে রয়েছে বগুড়া।
এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে রাজশাহী শিক্ষা বোর্ডে প্রথম স্থান অর্জন করেছে বগুড়া জেলা। এবার জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৩৫৭ জন পরীক্ষার্থী। তবে পাশের হারে বিভাগে বগুড়ার অবস্থান চতুর্থে। জেলায় শতকরা ৮৯ দশমিক ১০ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম অনলাইনে এই ফলাফল প্রকাশ করেন।
ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলের পরিসংখ্যানে দেখা যায়, রাজশাহী বোর্ডে এবার মোট জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ৮৭৭ পরীক্ষার্থী। ৪ হাজার ৪৪৫ জন জিপিএ-৫ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী। তৃতীয় স্থানে থাকা সিরাজগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২১৫ জন।
এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও বগুড়ায় শীর্ষস্থান ধরে রেখেছে জিলা স্কুল। শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর ২২৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ২১৯জন। পাশের হার শতভাগ। শতভাগ পাশসহ পরীক্ষার্থী অনুপাতে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ২য় স্থানে রয়েছে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আর ৩য় স্থানে রয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।
বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়: উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর ২৩৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাশ করেছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২২৩ জন। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২৩৩ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ২১৮ জন, মানবিক বিভাগ থেকে ৬জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ৫ জন।
বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজ: বগুড়ার মান সম্পন্ন বিদ্যাপীঠগুলোর অন্যতম এই প্রতিষ্ঠান থেকে এ বছর ৩৮০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাশ করেছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩২৯ জন, ‘এ’ গ্রেডে পাশ করেছে ৪৯ জন। জিপিএ-৫ প্রাপ্তির হার ৯৪ দশমিক ৯৫ শতাংশ।
বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজ: উত্তরবঙ্গের সেরা বিদ্যাপীঠগুলোর মধ্যে অন্যতম এই বিদ্যাপীঠ বরাবরের মত এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ করেছে। এ বছর এসএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে ৪৫০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাশ করেছ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৯৬ জন।



