
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসীরা ব্যালট পাঠানো শুরু করেছেন। এখন পর্যন্ত ১ লাখ ৩৯ হাজার ৭৬৩ জন প্রবাসী ভোটারের ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম সংশ্লিষ্ট ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত প্রবাসী ভোটারদের ঠিকানায় মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপার পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ১৬ হাজার ৭ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন।
ভোটদান ও ব্যালট ফেরতের হালনাগাদ তথ্য
সালীম আহমাদ খান জানান-
- ৪ লাখ ৫৪ হাজার ৫৮৭ জন প্রবাসী ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন
- ভোট দেওয়ার পর ৪ লাখ ৬ হাজার ৫৬৪ জন ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন
- এ পর্যন্ত ১ লাখ ৩৯ হাজার ৭৬৩টি ব্যালট দেশে পৌঁছেছে
দেশের ভেতরেও পোস্টাল ব্যালট কার্যক্রম
প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের মধ্যেও পোস্টাল ব্যালট বিতরণ করা হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) জানায়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আইসিপিভি (দেশীয় পোস্টাল ভোট) পদ্ধতিতে নিবন্ধন করা ২ লাখ ৬৯ হাজার ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে।
ইসির তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত-
- ৩ হাজার ৭৪৮ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন
- ২ হাজার ৪২২ জন ভোটার ভোটদান সম্পন্ন করেছেন
- ১ হাজার ১৪৯ জন ভোটার ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন
মোট নিবন্ধন সংখ্যা
সালীম আহমাদ খান আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে দেশে ও বিদেশে মিলিয়ে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন।



