
ঢাকা-১৮ আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে তিনি বগুড়ার আসনে নির্বাচনি দৌড়ে থাকছেন বলে জানিয়েছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুক পোস্টে মাহমুদুর রহমান মান্না লেখেন, বর্তমানে তিনি বগুড়ায় অবস্থান করছেন। বিশেষ একটি পরিস্থিতির কারণে তিনি ঢাকা-১৮ ও বগুড়া-২ এই দুই আসন থেকেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
তিনি জানান, ঢাকা-১৮ একটি অত্যন্ত বড় ও ব্যয়বহুল নির্বাচনি এলাকা। এই আসনের আওতায় রয়েছে সাড়ে সাতটি থানা এবং প্রায় সাড়ে ছয় লাখ ভোটার। এত বড় পরিসরের নির্বাচনি ব্যয় বহন করা তার পক্ষে সম্ভব নয় বলেই তিনি মনে করেন।
পোস্টে মান্না আরও লেখেন, এই বাস্তবতায় তিনি ঢাকা-১৮ আসনের নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। তার এই সিদ্ধান্তে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।
রাজনৈতিক অঙ্গনে তার এই ঘোষণাকে আসন্ন নির্বাচনে বগুড়ার আসনে মনোযোগ কেন্দ্রীভূত করার ইঙ্গিত হিসেবেও দেখছেন সংশ্লিষ্টরা।



