নির্বাচন
প্রধান খবর

বগুড়ায় ত্রয়োদশ নির্বাচনে বাতিল প্রায় ৩ লাখ ভোট

ব্যালট পেপারে ভুল সিল ও গণভোটে ডাবল চিহ্নই প্রধান কারণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বগুড়ার সাতটি সংসদীয় আসনে এবার প্রায় তিন লাখ ভোট বাতিল হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংসদ নির্বাচনে ৩৭ হাজার ৭৪৬টি এবং গণভোটে ২ লাখ ৫২ হাজার ৪৯৭টি ভোট বাতিল হিসেবে গণ্য করা হয়েছে।

বগুড়া জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, জেলার সাতটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ২১ লাখ ২৫ হাজার ৫৭ জন। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১৩ লাখ ৪৭ হাজার ৭২৫টি, ‘না’ ভোট ৫ লাখ ২৪ হাজার ৮৩৫টি এবং বাতিল হয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৯৭টি ভোট।

নির্বাচন কর্মকর্তারা বলছেন, ব্যালট পেপারে ভুলভাবে সিল দেওয়া, একাধিক প্রতীকে সিল পড়া, কালি লেপ্টে যাওয়া এবং ব্যালট পেপার সঠিকভাবে ভাঁজ না করার কারণে বিপুল সংখ্যক ভোট বাতিল হয়েছে। গণভোটের ক্ষেত্রে অনেক ভোটার প্রশ্নটি স্পষ্টভাবে না বুঝে একাধিক স্থানে চিহ্ন দেওয়ায় ভোট বাতিলের সংখ্যা তুলনামূলক বেশি হয়েছে।

আসনভিত্তিক বাতিল ভোটের চিত্র

বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি)
সংসদ: ৩,৮৩৪ | গণভোট: ৩৪,২৩২

বগুড়া-২
সংসদ: ৪,৬৯১ | গণভোট: ৩১,৩৪৭

বগুড়া-৩
সংসদ: ৪,৭৭০ | গণভোট: ২৫,৯৫৮

বগুড়া-৪
সংসদ: ৪,৪৬৮ | গণভোট: ৩৩,৭১৬

বগুড়া-৫
সংসদ: ৮,৫৫১ | গণভোট: ৫৬,২১৫

বগুড়া-৬
সংসদ: ৪,৯৯৬ | গণভোট: ২৬,৩৪৮

বগুড়া-৭
সংসদ: ৬,৪৩৬ | গণভোট: ৪৪,৬৮১

কী কারণে ভোট বাতিল?

বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম বলেন,
“অনেক ভোটার ব্যালট পেপারে একাধিক প্রতীকের ওপর সিল দিয়েছেন। আবার কোথাও সিলের কালি এমনভাবে লেপ্টে গেছে, যা অন্য প্রতীকের ওপর পড়েছে। এ ছাড়া ব্যালট পেপার লম্বালম্বিভাবে ভাঁজ না করে আড়াআড়িভাবে ভাঁজ করার ফলে কালি ছড়িয়ে পড়েছে। এসব কারণেই ভোট বাতিল করতে হয়েছে।”

নির্বাচন বিশ্লেষকদের মতে, ভোটারদের পর্যাপ্তভাবে ব্যালট পেপার ও গণভোটের পদ্ধতি বুঝিয়ে না দেওয়াই বিপুল সংখ্যক ভোট বাতিলের অন্যতম কারণ। বিষয়টি নিয়ে ভবিষ্যৎ নির্বাচনে ভোটার শিক্ষা জোরদারের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।

তথ্যসূত্রঃ কালবেলা

এই বিভাগের অন্য খবর

Back to top button