নির্বাচন
প্রধান খবর

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন করলেন রেজাউল করিম বাদশা

তারেক রহমান ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়া জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে বৃহস্পতিবার তাকে দলীয় প্রতীক ধানের শীষে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মনোনয়নপত্র উত্তোলনকালে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদিন চাঁন, ফজলুল বারী তালুকদার বেলাল, মাফতুন আহমেদ খান রুবেল, শেখ তাহা উদ্দিন নাহিন, সহিদুন্নবী সালাম, কে এম খায়রুল বাশার, মনিরুজ্জামান মনি, শাহাদাত হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ। এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান এবং জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান উপস্থিত ছিলেন। এর আগে সকালে দলীয় কার্যালয়ে জেলা বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত হয়।

উন্নয়নের অঙ্গীকার

মনোনয়নপত্র উত্তোলন শেষে রেজাউল করিম বাদশা বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে প্রতিনিধি হিসেবে মনোনীত করেছেন। বগুড়ার সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বগুড়ার মানুষ উন্নয়ন চায়। বগুড়ার উন্নয়নে ধানের শীষের বিকল্প নেই।” তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

উল্লেখ্য, গত নির্বাচনে সদর আসনে দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রধান সমন্বয়কারী ছিলেন রেজাউল করিম বাদশা। আগামী ৯ এপ্রিল এ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button