
রাজধানীর গুলশানে সাবেক প্রেমিকা ও ছোট পর্দার এক অভিনেত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় তরুণ গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তু-কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর জাহিদ অন্তুকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন কেএম রাশিদুর রহমান। আসামিপক্ষ জামিন আবেদন করলে আদালত শুনানির জন্য বৃহস্পতিবার (২ এপ্রিল) দিন ধার্য করেন। এর মধ্যে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
প্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার জানান, বুধবার সকালে গুলশান এভিনিউ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে বলা হয়, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে গিটার ক্লাস চলাকালে অভিযুক্তের সঙ্গে ভুক্তভোগীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে সম্পর্কের অবসান হলে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
অভিযোগ অনুযায়ী, গত ২৭ মার্চ ফটোশুটের কথা বলে জাহিদ অন্তু ওই তরুণীকে তার গুলশানের বাসায় ডাকেন। সেখানে গিয়ে তিনি যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির শিকার হন। বাধা দিলে তাকে মারধর করা হয়, এতে তার মুখ, গলা ও মাথায় আঘাত লাগে।
পরে ওই তরুণী বাসা থেকে বের হয়ে স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল-এ চিকিৎসা নেন।
এ ঘটনায় ভুক্তভোগী নারী গুলশান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে জাহিদ অন্তুকে গ্রেপ্তার করে।
সূত্র: সময় নিউজ



