
ভারতীয় জনপ্রিয় ক্রাইম-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি দৃশ্যম-এর তৃতীয় কিস্তির টিজার প্রকাশ করেছেন নির্মাতারা। আগের মতো এবারও প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোহনলাল।
সিনেমাটি আগামী ২১ মে বিশ্বব্যাপী মুক্তি পাবে।
টিজারের শুরুতেই ‘দৃশ্যম’ ও ‘দৃশ্যম ২’-এর গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আবার তুলে ধরা হয়, যা দর্শকদের দ্রুত জর্জকুট্টির জটিল জগতে ফিরিয়ে নেয়। এরপর একটি গির্জার ভেতরে নিজের ভয় ও অনুভূতির কথা স্বীকার করতে দেখা যায় জর্জকুট্টিকে। পরিবারকে রক্ষার প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করলেও তার মধ্যে এক অজানা আতঙ্ক স্পষ্ট হয়ে ওঠে-যেন সে সবসময় কারও নজরে রয়েছে।
এর আগে মোহনলাল নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে টিজার প্রকাশের ঘোষণা দেন। তিনি জানান, ২৯ এপ্রিল বিকেল ৫টায় টিজারটি প্রকাশিত হবে এবং একই সঙ্গে সিনেমাটির মুক্তির তারিখও নিশ্চিত করেন।
তথ্যসূত্র: দি ডেইলি স্টার



