বিনোদন

আজ রাতে বিটিভিতে “ইত্যাদি’

শিক্ষা ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় এই অনুষ্ঠানটি দর্শকদের জন্য পুনঃপ্রচার করা হয়ে থাকে। মঙ্গলবার (৫ অক্টোবর) রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে পাবনার শতাব্দী প্রাচীন একমাত্র ইস্পাত নির্মিত সর্ববৃহৎ রেল সেতু ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ধারণকৃত পর্বটি। এই পর্বটি ধারণ করা হয়েছিল ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে।

বিষয় বৈচিত্র্যে ভরপুর ‘ইত্যাদি’র এই পর্বে বেশ কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন রয়েছে। পাবনার ইতিহাস, ঐতিহ্য এবং মহানায়িকা সুচিত্রা সেনের উপর ছিল একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। যার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা সবকিছুই এই পাবনাতেই। পাবনার বেড়া উপজেলার জগন্নাথপুর গ্রামের নিবেদিত প্রাণ কৃষি কর্মী বাদশা মোল্লার উপর রয়েছে একটি অনুকরণীয় প্রতিবেদন। প্রচার সর্বস্বতার এই যুগেও প্রচার বিমুখ কৃষি অন্তপ্রাণ বাদশা তার সীমিত সামর্থ্য নিয়ে বিনামূল্যে গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে নিজ হাতে বিতরণ করছেন বীজ আর সহায়তা করছেন বপনে। তার সেই বীজ থেকে বিভিন্ন শাকসবজিতে ভরে উঠছে গ্রামের বিভিন্ন বাড়ির আঙ্গিনা। রয়েছে ঐতিহ্যবাহী ‘পাবনা মানসিক হাসপাতাল’ এর উপর একটি অনুসন্ধানী প্রতিবেদন।

বিদেশি প্রতিবেদন করা হয়েছিল দক্ষিণ-পশ্চিম ইউরোপের গৌরবময় ইতিহাস সমৃদ্ধ দেশ স্পেনের বার্সোলোনার ঐতিহাসিক সাগরাদা দ্যা ফ্যামিলিয়ার উপর। যার অদ্ভুত নির্মাণ ইতিহাস ও স্থাপত্যশৈলী পর্যটকদের ভীষণভাবে আকর্ষণ করে।

এই পর্বে ইত্যাদিতে গান গেয়েছেন পাবনারই কৃতী সন্তান বাপ্পা মজুমদার ও তার দলছুট দল। পাবনারই আরেক কৃতী শিল্পী স্বনামধন্য অভিনেতা চঞ্চল চৌধুরীর একটি গান রয়েছে। এছাড়া নির্বাচিত দর্শকদের সঙ্গে অংশগ্রহণ করেছেন পাবনারই দু’জন কৃতী শিল্পী-নাট্যদম্পতি বৃন্দাবন দাস ও শাহনাজ খুশী। আর বরাবরের মতো মামা-ভাগ্নে, নানী-নাতি, চিঠিপত্র পর্বসহ বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বেশ কয়েকটি বিদ্রুপাত্মক নাট্যাংশ।

এই বিভাগের অন্য খবর

Back to top button