বিনোদন

“মিষ্টি কুমড়ার মেগুনি’ বানানোর অনুপ্রেরণা পেয়েছি প্রধানমন্ত্রীর কাছ থেকে: মাহি

জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। অভিনয়ে এখন নিয়মিত না হলেও নতুনভাবে তিনি পথচলা শুরু করেছেন। স্বামী, সংসার ও তার রেস্টুরেন্ট ‘ফারিশতা’ নিয়ে তিনি এখন পুরোদমে ব্যস্ত।

যদিও রেস্টুরেন্টটির গ্র্যান্ড ওপেনিং হবে ঈদুল ফিতরের চাঁদরাতে। কিন্তু আপাতত প্রচারের অংশ হিসেবে ফারিশতা থেকে ইফতারি বিক্রি চলছে।

ইফতারের বিভিন্ন আইটেম নিয়ে ইতোমধ্যে রেস্তোরাঁটির ইফতার বিক্রি জমে উঠেছে গাজীপুরে। প্রচার করে যাচ্ছেন মাহি নিয়মিত সামাজিকমাধ্যমে। এর ফাঁকেই নতুন একটি আইটেম যুক্ত করেছেন তারা।

গত ১০ এপ্রিল রোববার মাহি ফেসবুক পেজ থেকে লাইভে এসে বিষয়টি নিয়ে কথা বলেন। বিশেষ এই মেন্যুর কথা জানান। লাইভে মাহি বলেন, ‘আমি খুব এক্সাইটেড আমার নতুন এই আইটেম নিয়ে। মিষ্টি কুমড়া দিয়ে বানানো এটার নাম দিয়েছি ‘মেগুনি।’ আমি ইনসপায়ার্ড হয়েছি মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে।’

তিনি আরও বলেন, ‘আমি রাজনীতি বুঝি না। কিন্তু তার কাজ আমার ভালো লাগে। মূলত তিনি তো প্রধানমন্ত্রী। তিনি বোঝাতে চেয়েছেন বেগুনের ওপর চাপ কমাতে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাতে। কারণ এটা অসাধু ব্যবসায়ীদের জন্য মোক্ষম জবাব হিসেবে গণ্য হবে।’

মাহিয়া মাহি আগেই জানিয়েছেন, তিনটি ফ্লোর নিয়ে এই রেস্টুরেন্টের আয়তন ছয় হাজার বর্গফুটের বেশি। এখানে দেশি ও বিদেশি নানান ধরনের খাবারের পাশাপাশি রুফটপে আড্ডা দেওয়ার সুযোগও থাকছে। থাকবে বিশেষ ধরনের খাবারও।

প্রসঙ্গত, কয়েক দিন আগে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগুনের দাম বাড়ার প্রসঙ্গে বলেছিলেন, রমজানে বেগুনি বানানোর জন্য বেগুনের পরিবর্তে মিষ্টি কুমড়া ব্যবহার করতে। তাহলে আর অতিরিক্ত টাকা ব্যয় করে বেগুন কেনা লাগবে না।

এই বিভাগের অন্য খবর

Back to top button