মান-অভিমান ভুলে আবার একসঙ্গে হাসছেন রাজ-পরীমণি

তারকাদের ভিডিও ফাঁসের ঘটনার পর থেকেই আলোচনায় রয়েছে রাজ-পরীর সংসার। দাম্পত্য জীবন নিয়ে গণমাধ্যমে পাল্টা বক্তব্য দিয়েছেন দুজন। একে অন্যের দিকে অভিযোগের তীর ছুড়েছেন। আর তাতে ভক্তরা ধারণা করছিল, হয়তো সত্যিই ভেঙে যেতে বসেছে রাজ ও পরীমণির সংসার।
স্ত্রী পরীমণির সঙ্গে রাজের সম্পর্ক এখন কোন পর্যায়ে? বিচ্ছেদ কবে হবে? এমন প্রশ্নে যখন নেট দুনিয়া তোলপাড়, ঠিক তখনই সেইসব প্রশ্নের আগুনে ঘি ঢাললেন পরীমণি ও শরিফুল রাজ।
রোববার ভোরে পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেছেন। যাতে একসঙ্গে দেখা গেল পরীমণি ও রাজকে। মান-অভিমান ভুলে পাশাপাশি বসে তাদের হাসতে দেখে অবাক নেটিজেনরা।
ভিডিওতে দেখা যায়, কেক কেটে পুত্রসন্তান রাজ্যের ১০ মাস পূর্তি উদযাপন করা হচ্ছে। সেখানে পরিবারের অন্যদের সঙ্গে রয়েছেন শরিফুল রাজ। ওই ভিডিওতে রাজ ও পরীমণিকে পাশাপাশি বসে বেশ হাসিখুশি দেখা যায়।
ওই ভিডিওর সঙ্গে সুন্দর ক্যাপশন জুড়ে দিয়ে পরীমণি লিখেছেন, ‘আজ রাজ্যের ১০ মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। মাসের ১০ তারিখটা আমাদের জন্য অনেক স্পেশাল! ব্যস এতটুকুই।’



