বলিউড অভিনেতার বিপরীতে তানজিন তিশা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন। তবে দেশের কোনো চলচ্চিত্রে নয়, ভারতের প্রযোজনায় নির্মিত টালিউডের রোমান্টিক সিনেমা ‘ভালোবাসার মরসুম’ দিয়েই তার বড় পর্দার যাত্রা শুরু হচ্ছে।
এই ছবিতে তার সঙ্গে অভিনয় করবেন বাংলাদেশের খায়রুল বাসার ও বলিউড অভিনেতা শারমন যোশি। এছাড়া টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায় থাকছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। সিনেমাটি পরিচালনা করছেন এমএন রাজ, যিনি এর আগে জিৎ অভিনীত ‘রাবণ’ পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছিলেন।
চিত্রনাট্য অনুযায়ী, শারমন যোশিকে দেখা যাবে ‘প্রফেসর আবির’ চরিত্রে এবং তানজিন তিশা অভিনয় করবেন কলেজ ছাত্রী ‘হিয়া’র ভূমিকায়।
সেপ্টেম্বরের শুরুতে শুরু হবে শুটিং। ছবির বেশিরভাগ দৃশ্য ধারণ হবে দার্জিলিংয়ে, কিছু অংশ শুট করা হবে মুর্শিদাবাদে।
তানজিন তিশা এ বিষয়ে এখনো মন্তব্য করেননি। তবে খায়রুল বাসার বলেছেন, ‘সব অভিনেতারই বড় পর্দায় কাজের স্বপ্ন থাকে। চিত্রনাট্য পড়ে মনে হয়েছে এটি টালিউডে অভিষেকের জন্য দারুণ একটি কাজ হবে।’
মেহের এন্টারটেইনমেন্ট ভেঞ্চার, হিমানী ফিল্মস ও ফ্লোটিং ওয়াটার ছবিটি প্রযোজনা করছে। নির্মাতারা জানিয়েছেন, ২০২৬ সালের সরস্বতী পূজায় মুক্তির পরিকল্পনা রয়েছে।



