
নিবন্ধন সনদ নবায়ন ছাড়া ব্যবসা পরিচালনা করা ট্রাভেল এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, অনেক ট্রাভেল এজেন্সি নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন নবায়ন না করায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে দ্রুত নিবন্ধন নবায়নের জন্য জরুরি ভিত্তিতে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন ২০১৩, এর ২০২১ সালের সংশোধনী এবং ২০২২ সালের বিধিমালা অনুযায়ী বৈধ নিবন্ধন সনদ ছাড়া কোনো ট্রাভেল এজেন্সির ব্যবসা পরিচালনা আইনসিদ্ধ নয়।
মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাভেল এজেন্সিগুলো অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে সহজেই নিবন্ধন নবায়ন করতে পারবে।
যেসব এজেন্সির নিবন্ধনের মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নিবন্ধন নবায়ন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন নবায়ন না করলে অবৈধভাবে পরিচালিত সব ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।
সূত্র: আজকের পত্রিকা



