
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর দেশের বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন সংশ্লিষ্ট মন্ত্রী।
তিনি জানান, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে। এছাড়া আন্তঃজেলা ও দূরপাল্লার বাসেও প্রতি কিলোমিটারে একই হারে ১১ পয়সা বাড়ানো হবে।
মন্ত্রী বলেন, এই সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে। তবে এটি শুধু ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সিএনজিচালিত বাসের ভাড়া বাড়ানো হচ্ছে না।
তিনি আরও বলেন, ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমে গেলে বাসভাড়াও পুনরায় কমানো হবে। তবে রেল ও নৌপরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
বর্তমানে দূরপাল্লার বাসে সরকার নির্ধারিত ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা ছিল।
এর আগে ২২ এপ্রিল সচিবালয়ে এক বৈঠকের পর মন্ত্রী জানিয়েছিলেন, সেদিন নতুন ভাড়া নির্ধারণ হয়নি এবং বৃহস্পতিবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বলেছে, পরিবহন খাত বর্তমানে বাড়তি আর্থিক চাপের মুখে রয়েছে। ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ার পাশাপাশি ডলারের দাম বৃদ্ধির কারণে আমদানিকৃত যন্ত্রাংশ ও যানবাহন রক্ষণাবেক্ষণ ব্যয়ও বেড়েছে।
এর আগে গত ১৮ এপ্রিল সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ায়। নতুন দরে ডিজেল ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
তথ্যসূত্র: সময় নিউজ


